নতুন পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

তিনি বলেন, ইতোমধ্যে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এ তথ্য জানান তিনি।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানেও সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে শিক্ষা সচিব বলেন, আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। দায়িত্ব নেওয়ার পর সরকার সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন। বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বর্তমান সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান আবদুল খালেক। তিনি বলেন, ‘সরকার পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।’

সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে উল্লেখ করে শিক্ষা সচিব বলেন, সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক। তাঁদের মাধ্যমে আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে।

জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ সচিব। তিনি বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে।

ইত্তেফাক/এমএসআর