রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উড়ালসড়ক (ফ্লাইওভার) থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চার সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বাকি চারজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
এ ছাড়া দুর্ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিনিয়র অফিসার আবুল খায়ের নামের আরেক কর্মকর্তা সামান্য আহত হন।
ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। আহত সদস্যদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।