দুদক কর্মকর্তাকে সতর্ক করল হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. আল-আমিনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। যতদিন চাকরিতে থাকবেন ততদিন জনগণের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার তাকে সতর্ক করে।

ভোলা সদর থানার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নিজাম উদ্দিনকে নোটিসপ্রাপ্তির দিনই দুদকে হাজির হতে বলায় হাইকোর্ট এ সতর্ক করে। ঘটনার বিবরণে দেখা যায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সার্টিফিকেট জাল ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অপরাধে ওই দুদক কর্মকর্তা গত ১১ ফেব্রুয়ারি অধ্যক্ষ নিজামউদ্দিনকে নোটিস দেন। নোটিসের দিনই প্রয়োজনীয় কাগজপত্রসহ তার কাছে হাজির হতে বলা হয়। নোটিসে উল্লেখ করা হয়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে আপনি বেতনভাতা বাবদ সরকারের ৫৮ লাখ ৮০ হাজার এবং কলেজের বেসরকারি আয়ের প্রায় ৪ কোটি টাকা আত্মসাত্ করেছেন।

তলব আদেশে গতকাল মামলার নথিসহ আদালতে হাজির হন দুদক কর্মকর্তা। এসময় আদালতে দুদকের পক্ষে আইনজীবী একেএম ফজলুল হক, কলেজের অধ্যক্ষের পক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক উপস্থিত ছিলেন।