নির্বাচনে নৌকায় ভোট চাচ্ছেন তারকারা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চলছে কৌশলী প্রচারণা। প্রার্থীরা নেমেছেন মাঠে। চাইছেন ভোট ও সমর্থন। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় মাঠে নেমেছেন নানা অঙ্গনের একঝাঁক তারকা। তারা বিগত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধি ও উন্নয়নের জোয়ার বইছে বলে মনে করছেন। তাই শেখ হাসিনার সরকারকে আবারও প্রয়োজন বলে মনে করেন তারকারা। সেজন্য দেশবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইছেন তারকারা।

ড. এনামুল হক, সুবর্ণা মুস্তাফা, ইমদাদুল হক মিলন, রিয়াজ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, সাকিব আল হাসান, অপু বিশ্বাস, বাঁধনকে দেখা যাচ্ছে- ভিডিও বার্তায় ভোট চাইছেন। শিগগিরই প্রকাশ হবে আরও অনেক তারকার প্রচারণার ভিডিও। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তারকাদের ভিডিওগুলো। আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর ফেসবুকেও শোভা পাচ্ছে। ভিডিওবার্তায় কেউ তুলে এনেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, কেউ উল্লেখ করেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে তুলে ধরতে শেখ হাসিনার সফল নেতৃত্ব, কেউ তুলে এনেছেন দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুত্, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলাসহ নানা বিষয়ে আওয়ামী লীগের সাফল্যের কথা। তারকারা নিজেরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ শেখ হাসিনা ও তার আওয়ামী লীগে আস্থা রেখে নৌকায় ভোট দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।