লন্ডনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪মত শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসে একটি আশ্রয় কেন্দ্রে ও একটি দিবাযত্ম কেন্দ্রে গৃহহীন এবং বয়স্কদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশ হাই কমিশন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম পূর্ব লন্ডনে ‘সোনালী গার্ডেন সেন্টার ও ডে-কেয়ার সেন্টারে‘ গৃহহীন ও বয়স্কদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করেন।

সকালে হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধ-নমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। বিশেষ কর্মসূচির মধ্যে ছিলো সন্ধ্যায় পূর্ব লন্ডনের Arts and Community Centre-এ এক দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ হাই কমিশন প্রথমবারের মতো পূর্ব লন্ডনে জাতীয় শোক দিবসে এই ধরনের অনুষ্ঠান করলো।


ছবি: সংগৃহীত

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ১৯৭১-এর পরাজিত শক্তি ১৯৭৫-এ বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে আমাদের স্বাধীনতার অর্জন ও গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারই করেননি, গণতন্ত্রকেও একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে চলছেন।

আরো পড়ুন: চোখে টেস্টার ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হলো যুবককে

হাইকমিশনার টাওয়ার হ্যামলেটস-এ বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে সফরের কথা উল্লেখ করে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটিকে, বিশেষ করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ চর্চার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। অন্যান্যের মধ্যে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির নেতা সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক হারুন হাবিব, সংসদ সদস্য শাজাহান কামাল ও মুহিবুর রহমান মানিক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্য রাখেন।

ইত্তেফাক/জেডএইচ