সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: মামলায় প্রধান আসামির ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমালকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সভা শেষে ফেরার পথে এমপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১৭ আগস্ট এ মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার তারা জামিনে মুক্ত হয়েছেন।