জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি মনোনীত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে।
ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-১৪–এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।