উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।
পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা বলেন, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি ছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।
ট্রাফিক কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতেও যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির নেই।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিয়ে সচিবালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন এবং যানজটের মধ্যেও তার বহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।