ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক্সপ্রেসওয়েতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

পুলিশের ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।