কলম্বিয়ার একটি সামরিক স্থাপনায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সেনা নিহত ও চার সেনা আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানিয়া পৌর এলাকায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
কলম্বিয়ার সেনাবাহিনী জানায়, হামলাটি চালিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)। এ সময় বিদ্রোহীরা বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন ব্যবহার করে সামরিক স্থাপনায় হামলা চালায়। পরে স্থাপনার ভেতরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সেনা নিহত হন। আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর সান্তান্দার প্রদেশের সামরিক স্থাপনায় প্রথমে ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়। এরপর সেখানে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।
এএফপির প্রতিবেদনে এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় অন্তত ২০টি বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইএলএনের উদ্দেশে তার বার্তা স্পষ্ট। কোনো পুলিশ কর্মকর্তা বা সেনাকে হত্যা করা হলে সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রের পূর্ণ শক্তি ও বৈধ ক্ষমতা প্রয়োগ করা হবে।
দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় আসার সময় সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে আবারও সামরিক সংঘাত জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশজুড়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
তবে তার সামরিকীকরণ নীতির কারণে সহিংসতা আরও বাড়তে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরও দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
বিদ্রোহীদের হামলাটি হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কাটাতুম্বো এলাকায়। অঞ্চলটি ইএলএনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কলম্বিয়া সরকার নিয়মিত সামরিক অভিযান চালিয়ে আসছে।
এদিকে দে লা এসপ্রিয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন। ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে।
আগামী সপ্তাহে ক্যারিবীয় শহর বারানকিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর।
সূত্র: আল জাজিরা