রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। দেশটির প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় এনে বছরে প্রায় ২৫ মিলিয়ন ডলার কর আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার যুদ্ধ ড্রোন কেনা সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক।
দেশটির পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ঝেলেজনিয়াকের সমর্থনে একটি বিল আনা হয়েছে। গত জুলাইয়ে বিলটি পার্লামেন্টে প্রথম ধাপে অনুমোদন পেয়েছে। এখন এটি দ্বিতীয় ধাপের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা বিতরণ আইনত অপরাধ। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্প ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।
বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে কর আদায়ের উদ্যোগের কারণে। কর্তৃপক্ষ প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে আয়কর আদায় শুরু করলেও আয় ঘোষণা করলে তাদের এমন কর্মকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসছে, যা দেশটির আইনে এখনো অপরাধ হিসেবে বিবেচিত।
ঝেলেজনিয়াক এ পরিস্থিতিকে ‘দুঃখজনক ও হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, আয় ঘোষণা না করলে কর ফাঁকির অভিযোগে মামলা হতে পারে, আবার কর দিলে পর্নোগ্রাফি আইনের আওতায়ও অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭ হাজার ৯০০ মানুষ ওনলিফ্যানসের মাধ্যমে ১৩১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। এই হিসাব প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান ফেনিক্স ইন্টারন্যাশনালের তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
তবে কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে পুলিশের অভিযানের অভিযোগও উঠেছে। ওনলিফ্যানসের কনটেন্ট নির্মাতা স্বিতলানা দভোরনিকোভা জানিয়েছেন, এক সকালে মেয়েকে স্কুলের জন্য প্রস্তুত করার সময় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ২০ হাজার ডলার নগদ অর্থ, ল্যাপটপ ও হার্ডড্রাইভ জব্দ করা হয়।
তার অভিযোগ, মামলা তুলে নেওয়ার বিনিময়ে পুলিশ ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করেন। একই ধরনের অভিযানের মুখে কয়েকজন কনটেন্ট নির্মাতা ইউক্রেন ছেড়ে ইউরোপের অন্য দেশে চলে গেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কর আইনজীবী লেসিয়া মিখালেঙ্কো, যিনি শতাধিক ওনলিফ্যানস নির্মাতার হয়ে আইনি সহায়তা দিয়েছেন, বলেন, যুদ্ধের সময়ে এসব ব্যক্তির বিরুদ্ধে মামলা করা সরকারি সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার।
এদিকে দভোরনিকোভা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে একটি আবেদন করেন। নিজেকে ‘সচেতন করদাতা’ উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৯ লাখ ডলার কর দেওয়ার পরও তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার আবেদন এক সপ্তাহে ২৫ হাজারের বেশি স্বাক্ষর পায়।
এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, পর্নোগ্রাফি বৈধ করার প্রস্তাবটি পার্লামেন্টে বিবেচনা করা হবে।
সূত্র: এনডিটিভি