নারী এশিয়া কাপ 

নাকভি থাকবেন ফাইনালে, চ্যাম্পিয়ন হলে এবারও খালি হাতে ফিরতে হবে ভারতকে!

প্রায় এক বছর হলেও এখনও ট্রফি হাতে পায়নি পুরুষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। এবার একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার পথে ভারতের নারী দল!

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে ভারত শিরোপার দৌড়ে ফেভারিট। গতবার তারা ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল। এবার রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিতে চায় হারমানপ্রীত কৌররা। কিন্তু চ্যাম্পিয়ন হলে কি আদৌ ট্রফি নেবে? কারণ গতবারের মতো এবারও ফাইনাল শেষে বিজয়ী দলকে ট্রফি দেবেন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালে থাকবেন পিসিবি চেয়ারম্যান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে তাকে। তাতে করে ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মতো বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

তাছাড়া ক্রিকেট মাঠে যে ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হয়েছে, তাও না। সম্প্রতি গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে দুই দলের কেউই হাত মেলাননি, টসের পরও না, ম্যাচ শেষেও না। সেক্ষেত্রে ধরে নেওয়া যায়, সেমিফাইনাল নিশ্চিত করা ভারত ট্রফি জিতলেও খালি হাতেই দেশে ফিরবে।

গত বছর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জিতেছিল ভারত। ভারতীয় দলকে ট্রফি দেওয়ার জন্য পুরস্কার বিতরণী মঞ্চে আধঘণ্টার মতো দাঁড়িয়ে ছিলেন নাকভি। কিন্তু সূর্যকুমার ও তার সতীর্থরা উপস্থিত হননি। অন্য কোনো এসিসি কর্মকর্তার কাছ থেকে ট্রফি নিতে চেয়েছিল তারা। 

এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে নাকভি মঞ্চ ছেড়ে চলে যান এবং ট্রফিও নেন নিজের হোটেল রুমে। অবশ্য ট্রফি ছাড়াই তারা পোডিয়ামে দাঁড়িয়ে শিরোপা উদযাপন করেছিল।