জাকির নায়েকের বক্তব্য মালয়েশিয়ার আরো একটি প্রদেশে নিষিদ্ধ

বিতর্কিত ধর্মপ্রচারক ও ইসলামি বক্তা জাকির নায়েকের ওপর মালয়েশিয়ার আরো একটি প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিয়ে দেশটির মোট সাতটি প্রদেশে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

মালয়েশিয়া স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার মেলাকা রাজ্যে জাকির নায়েকের ধর্মীয় বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডলি জাহারি জানান, এমন কোনো জিনিস চলতে দেওয়া যায় না, যা রাজ্যের সম্প্রীতি নষ্ট করে। আমরা জাকির নায়েকের বক্তৃৃতার অনুমতি দিতে পারি না। তিনি কোনো সভাও করতে পারবেন না। এর আগে জোহর, সেলানগর, পেনাং, কেদাহ, পেরলিস এবং সারাওয়াকে জাকির নায়েকের বক্তৃৃতা নিষিদ্ধ করা হয়। সোমবার বেলা ৩টার দিকে মালয়েশিয়া পুলিশের সদর দপ্তরে দেখা করার কথা রয়েছে জাকির নায়েকের। দণ্ডবিধি ৫০৪ ধারা অনুযায়ী, তার জবানবন্দি নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়েক। আর এরপর থেকেই দেশটিতে অনেকটা রোষানলে পড়েন তিনি। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, জাকির নায়েকের এ ধরনের অভিযোগ নিয়ে তিনি যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল হতে পারে। অবশ্য সে সময় তিনি বলেছিলেন, পুরো বিষয়টিই নির্ভর করবে পুলিশি তদন্তের পর।

উল্লেখ্য জঙ্গিবাদে অর্থায়নের তদন্তের জেরে ২০১৫ সালে জাকির নায়েক ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। কিন্তু এখানে এসেও তার নানা ধরনের বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠে। আর এ কারণে এখন তার মালয়েশিয়ায় থাকাটাও অনেকটা কঠিন হয়ে পড়েছে।