অ্যাটলেটিকোর জয়ী সূচনা

শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় জয়ী সূচনা পেয়েছে। রবিবার রাতে গেটাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে কোচ দিয়েগো সিমিওনের দল। ম্যাচের ২৩তম মিনিটে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। প্রথমার্ধ বিরতির কিছু আগে লাল কার্ড দেখেন দুটি দলের খেলোয়াড়ই। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের কারণে দলটির নতুন খেলোয়াড় হোয়াও ফেলিক্সকে মাঠ থেকে তুলে নেন কোচ। তবে দলটির আর্জেন্টাইন কোচ জানান বড়ো কিছু হয়নি তার। সিমিওনের ভাষায়, ‘হোয়াওয়ের পেশিতে টান ছিলো এবং তাই তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলাম আমরা। তেমন বড়ো কিছুই নয়। এই লিগে নিজের প্রথম ম্যাচটা খেলা সহজ নয়, বিশেষ করে এমন এক দলের বিপক্ষে যারা রক্ষণাত্মকভাবে বেশ ভালো।’