রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি বাস, আটটি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেলসহ ১৩৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১২টি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ১১০টি মোটরসাইকেলসহ ১৮০টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান ও ২৪টি সিএনজিচালিত অটোরিকশাসহ ৩৪২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৬টি ট্রাক, ২৭টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজিচালিত অটোরিকশা, ১২৭টি মোটরসাইকেলসহ ৩৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০টি ট্রাক, ৯৩টি মোটরসাইকেলসহ ১৯০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫টি বাস, ২২টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা, ১৬৫টি মোটরসাইকেলসহ ৪০৩টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, নয়টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৮৫টি মোটরসাইকেলসহ ৪৩২টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজিচালিত অটোরিকশা, ৭৯টি মোটরসাইকেলসহ ২৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।