কুমিল্লায় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম নামের এক পাম্প কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা পরিবহনের একটি বাস রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস ভর্তি করছিল। এ সময় আকস্মিকভাবে ওই বাসের সিলিণ্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে খোরশেদ আলমকে (২৭) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। 

দুর্ঘটনায় আহত অন্যান্যরা হচ্ছেন- জেলার সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামের আলী আক্কাছের ছেলে কামাল হোসেন, একই গ্রামের রাসেল, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের শরীফ, সদর উপজেলার বারপাড়া এলাকার জুয়েলের ছেলে সিফাত এবং নগরীর ঠাকুরপাড়া এলাকার আশিষ। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যমুনা পরিবহনের অপর একটি বাসের চালক আহত কামাল হোসেন জানান, যমুনা পরিবহনের ওই বাসটি যাত্রীবিহীন অবস্থায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করছিল। আমরা পাম্পে অবস্থান করছিলাম। এসময় ওই বাসের গ্যাসের সিলিন্ডারটি বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। 

আরও পড়ুন: বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুনুর রশীদ জানান, আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সিলিন্ডার বিস্ফোরিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৭টায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনের মালিক আলী মনসুর ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পাম্প কর্মচারী খোরশেদ আলম মারা যান। তার মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।  

ইত্তেফাক/কেকে