জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ আদেশ দেন বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এসময় আদালতে মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।
গত বছরের অক্টোবরে জুলাই গণ–অভ্যুত্থানে ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়।
এর আগে, রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
রুবেল হত্যা মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম এ হত্যা মামলা দায়ের করেন।