সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের অভিষেক হলো বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বল হাতে তার জাদুকরী পারফরম্যান্স এবং অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের মহাকাব্যিক স্পিনে কুপোকাত হয়েছে সেন্ট লুসিয়া কিংস। মাত্র ১১৯ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার পর ৪ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের স্পিন ভেলকির সামনে অসহায় ছিল সেন্ট লুসিয়া। কামিল পুরানের ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনারের ২৮ বলে ৩৫ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৮.৫ ওভারে স্রেফ ১১৯ রানে অলআউট হয় কিংস। তাহির ৫ ও মিরাজ নিয়েছেন ৩ উইকেট।

সেন্ট লুসিয়া কিংস ১৪ রানে টিম সেইফার্টকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জুটি গড়ে। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ। সেই মোমেন্টাম কাজে লাগিয়ে কামিল পুরান ও রোস্টন চেজকে চাপে ফেলে আউট করেছেন ইমরান তাহির। মিরাজও স্পিন সহায়ক উইকেট কাজে লাগিয়ে বোলিং ভেলকি অব্যাহত রাখেন। ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে কিংসের কোমর ভেঙে দেন তিনি।

বাকি কাজ সেরেছেন ইমরান তাহির। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট শিকার করেন। ৪৭ বছর বয়সেও ফাইফার নিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকা। মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি শিকার ধরেন।

জবাব দিতে নেমে কিছুটা ভুগতে হয়েছে গায়ানাকেও। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিরাজ ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন সমান ৩৭ রান করলে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় গায়ানা। আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির ৮ ম্যাচে ১৪ পয়েন্ট।