নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, এবারের আসরে সেমিফাইনাল খেলতে চান তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুইদল।

এ নিয়ে টানা দুই বার সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মেয়েরা। এর আগে সবশেষ আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল জ্যোতির দল। যদিও সেবার ভারতের কাছে ১০ উইকেটে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

তবে এবার ভারতের চোখে চোখ রেখে লড়াই করতে চান টাইগ্রেস অধিনায়ক। খেলতে চান নিজেদের সেরা খেলাটা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে নিগার সুলতানা জ্যোতি বলেন, 'ভারত খুবই শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো। ফল তো একটা আসবেই। কিন্তু নিজেদের পুরোটা উজাড় করে দিতে হবে।'

আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী এই টাইগ্রেস ব্যাটারা। বলেন, 'আপনি নেতিবাচক ভাবতে থাকলে এটা চাপ হতে পারে। কিন্তু ভারতের মতো অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য আনন্দের। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে এমন শক্তিশালী দলের বিপক্ষে আপনাকে খেলতেই হবে। তাদের বিপক্ষে খেলাটাকে আমরা চাপ নয়, বরং উপভোগ করি।' 

এছাড়াও ভারতের বিপক্ষে বল হাতে ট্রাম্পকার্ড হতে পারেন মারুফা আক্তার। তিন ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগ্রেস পেসার। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। আজ সে ম্যাচেরই পুনরাবৃত্তি করতে চাইবেন জ্যোতি বাহিনী।