আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে এটি সম্ভব নয়; আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ডিজঅ্যাবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জীবনে ব্যর্থতা ও প্রতিকূলতা আসতে পারে, তবে হতাশ না হয়ে তা মোকাবিলা করতে হবে। মানসিক চাপ ও হতাশা কমাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের সমস্যা ও অনুভূতি ভাগ করে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।’

আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রচলিত ধারণার বাইরে গিয়ে ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।