শিগগিরই ৫টা রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:০৬

দেশে শিগগিরই রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মেডিকেল ফিজিক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতের চেহারা বদলে যাবে মন্তব্য করে তিনি বলেন, স্বাস্থ্যখাতকে আগামী দুই বছরের মধ্যে নতুন রূপ দেওয়া হবে। 

তিনি বলেন, গত সাত মাসে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই দৃষ্টিগোচর কিছু কাজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সচেষ্ট উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৩ থেকে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।’

এখন সারা দেশে শতভাগ চিকিৎসক হাসপাতালে হাজির থাকে বলেও জানান তিনি।

১৭ টি এক্সেলেটর এবং ৫টা রোবোটিক সার্জারি মেশিন আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ, ৪১ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, ১৭ বছর আমরা হারিয়েছি, বাজেট এসেছে, লুটপাট হয়েছে। স্বাস্থ্যমন্ত্রনালয় মানে টাকা উপার্জন করতে হবে। দুটা এক্সেলেটর মেশিন পড়ে আছে, একটা বরিশালে আর একটা গোপাল গঞ্জে। ১৮ কোটি টাকা খরচে এগুলো কিনেছে, উইদাউট ক্রিয়েটিং দ্য বাঙ্কা। এখন এগলো অকেজো হয়ে পড়ে আছে, ভাঙ্গারির কাছে বেচে বুট-বাদাম খেতে হবে।’ 

জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার ও যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিগগিরই সারাদেশে আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিএস