পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ তিনি। তার চোখে বর্তমান বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের তাইজুল ইসলাম। বাকি দুজন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ।
উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের তিন স্পিনারের নাম জানান মুশতাক। তবে এই তালিকায় অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নকেও রাখতে চান তিনি।
অজি স্পিনারের প্রসঙ্গে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারতো। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’
পরে পছন্দের তারকাদের রাখার কারণ জানিয়ে মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়তো পেরিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার, এখন তো অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’