দুর্দান্ত ফর্মে রাফিনিয়া, ভাঙতে পারেন মেসির ৭ রেকর্ড

বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসির ঝুলিতে থাকা রেকর্ডগুলোর অনেককেই চিরকাল অধরা বলে মনে করা হতো। তবে ২০২৬-২৭ মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার অবিশ্বাস্য ছন্দ সেই ধারণায় কিছুটা নাড়া দিয়েছে। 

রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসকে হারানোর পর নতুন পজিশন ‘নাম্বার নাইন’ হিসেবে খেলে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচেই আট গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নতুন পজিশনে শুরুটা হয়েছে দুর্দান্ত। আর সেই শুরুর পরই সামনে এসেছে মেসির সাতটি রেকর্ড।

এক মৌসুমে টানা সবচেয়ে বেশি লিগ ম্যাচে গোল

লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার আগের রেকর্ডটি ছিল রোনালদো নাজারিওর দখলে। ১৯৯৬-৯৭ মৌসুমে টানা ১০ ম্যাচে গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিন্তু ২০১২-১৩ মৌসুমে সেই রেকর্ডকে অবিশ্বাস্যভাবে ছাড়িয়ে যান মেসি। টানা ২১ ম্যাচে গোল করে এমন এক নজির গড়েন, যার কাছাকাছিও এখন পর্যন্ত ইউরোপীয় ফুটবলে আর কেউ যেতে পারেননি।

শুধু ধারাবাহিকভাবে গোল করাই নয়, সেই ২১ ম্যাচের ধারায় লা লিগার অন্য ১৯টি দলের বিপক্ষেই অন্তত একবার করে গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত আর কেউ সেই রেকর্ডের কাছাকাছিও যেতে পারেননি। রাফিনিয়ার সামনে অবশ্য এখনো বাকি ১৮ ম্যাচ।

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসির দখলে। চ্যাম্পিয়নস লিগে মেসির মোট গোলসংখ্যা শতকের ওপরে এবং সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয়। তবে বার্সার হয়ে এক মৌসুমে তার সর্বোচ্চ গোল ১৪টি, যা করেছিলেন ২০১১-১২ মৌসুমে।

রাফিনিয়া ইতোমধ্যে এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন। লিগ পর্বে তার দলের এখনো সাতটি ম্যাচ বাকি। এসব ম্যাচের মধ্যে সাবাহ, গালাতাসারায়, স্পোর্টিং ও কোমোর বিপক্ষের ম্যাচও রয়েছে। এরপর রয়েছে নকআউট পর্বের ম্যাচগুলো।

চ্যাম্পিয়নস লিগের বর্ধিত ফরম্যাটে আগের তুলনায় বেশি ম্যাচ খেলার সুযোগ থাকায় রাফিনিয়ার সামনে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে করা ১৭ গোলের রেকর্ডও আগামী বছরগুলোতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই দৌড়ে রাফিনিয়াও থাকতে পারেন।


এক মৌসুমে সর্বোচ্চ গড় রেটিং

পরিসংখ্যানভিত্তিক হোস্কোরড রেটিংয়েও মেসির আধিপত্য ছিল অসাধারণ। ২০০৯-১০ থেকে ২০২০-২১ পর্যন্ত টানা ১২ মৌসুমে তার গড় রেটিং ছিল ৮.০০-এর ওপরে।

মেসির ধারাবাহিকতার মাত্রাটা বোঝাতে গত মৌসুমের একটি তুলনাও সামনে আনা যায়। পুরো লা লিগায় মাত্র একজন খেলোয়াড় ৮.০০-এর বেশি গড় রেটিং পেয়েছিলেন—লামিনে ইয়ামাল। তার রেটিং ছিল ৮.২৩। অথচ সেটিও মেসির ক্যারিয়ারে সবচেয়ে কম রেটিং পাওয়া মৌসুমের ৮.৩৪-এর নিচে। মেসির সর্বোচ্চ গড় রেটিং ছিল ২০১১-১২ মৌসুমে, ৮.৮৮।

রাফিনিয়া অবশ্য আপাতত খুব বেশি পিছিয়ে নেই। চলতি ২০২৬-২৭ মৌসুমে তার হোস্কোরড রেটিং ৮.৭২। বাকি ৩৪ ম্যাচেও যদি তিনি এই মান ধরে রাখতে পারেন, কিংবা সামান্য উন্নতি করতে পারেন, তাহলে মেসির রেকর্ডের দিকে তাকানোকে আর পুরোপুরি অসম্ভব বলা যাবে না।

এক মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি গোল

মেসির সবচেয়ে কঠিন রেকর্ডগুলোর একটি হলো এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের নজির। ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোল করেছিলেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক মৌসুমে এত গোল আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

রাফিনিয়ার পক্ষে ৫০ গোলের কাছাকাছি যাওয়া এখনই অবিশ্বাস্য মনে হতে পারে। তবে চলতি মৌসুমের শুরুতে তার পারফরম্যান্স অন্তত আশার জায়গা তৈরি করেছে। লা লিগায় চার ম্যাচে ছয় গোল করে তিনি এখন ইউরোপের গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন।

চার ম্যাচের এই গতি—প্রতি ম্যাচে দেড় গোল—৩৮ ম্যাচে ধরে রাখতে পারলে রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়াবে ৫৭-তে। অবশ্যই হিসাবটা এখনই বাস্তবতার সঙ্গে মেলানোর সুযোগ নেই; নমুনা ছোট, তাই এই পরিসংখ্যানকে নিতে হবে খানিকটা লবণ ছিটিয়ে।

এক মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক

২০১১-১২ মৌসুমে ৫০ গোল করার পথে লা লিগায় আটটি হ্যাটট্রিক করেছিলেন মেসি। এক মৌসুমে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটিও তাই তার দখলে।

রাফিনিয়া এখনো চলতি মৌসুমে হ্যাটট্রিক করতে পারেননি। তবে তাকে এবার মূলত সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকায় খেলানো হচ্ছে। তার আশপাশে অ্যান্থনি গর্ডন, লামিনে ইয়ামাল, ফেরমিন লোপেজ ও পেদ্রির মতো খেলোয়াড় থাকায় গোলের সুযোগ তৈরির সম্ভাবনাও কম নয়। ফলে মৌসুমের বাকি সময়ে কয়েকটি হ্যাটট্রিক করা রাফিনিয়ার জন্য অসম্ভব কিছু নয়।

এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল

মেসির ২০১১-১২ মৌসুমের সঙ্গে সম্পর্কিত আরেকটি রেকর্ড এটি। সেবার বার্সেলোনা লিগ শিরোপা জিততে না পারলেও মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। তবে সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ডটি মেসি গড়েন পরের মৌসুমে। সেই মৌসুমে জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছিল বার্সেলোনা। দলটি ১০০ পয়েন্ট সংগ্রহ করে নিজেদেরই রেকর্ড স্পর্শ করেছিল। মেসি সেবার লিগের ৩৮ ম্যাচের ২৭টিতে গোল করেছিলেন।

রাফিনিয়া এখন পর্যন্ত চার ম্যাচে চারটিতেই গোল করেছেন। ফলে এই ধারাটা ধরে রাখতে পারলে রেকর্ডটি একেবারে অসম্ভবও মনে হচ্ছে না। অবশ্য এর জন্য তাকে পুরো মৌসুম সুস্থ থাকতে হবে—যেটা ফুটবলে সব সময়ই বড় শর্ত।

এক মৌসুমে সবচেয়ে বেশি গোল

সবশেষে সবচেয়ে বড় রেকর্ডটি। শুধু লা লিগা নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসির দখলে। ২০১১-১২ মৌসুমে লা লিগায় ৫০ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৭৩ গোল করেছিলেন মেসি। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে হাঙ্গেরির ফেরেঙ্ক দেক ১৯৪০-এর দশকে এবং জার্মানির গের্ড মুলার ১৯৭০-এর দশকে ৬৬ গোল করে যে নজির গড়েছিলেন, মেসি সেটিকে সাত গোলের ব্যবধানে ছাড়িয়ে যান।

রাফিনিয়ার শুরুটা অবশ্য এবার সেখানেও আশাবাদী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে তার গোল আটটি। এই গতি যদি প্রায় ৫০ ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে তার গোলসংখ্যা দাঁড়াবে ৮০-এর কাছাকাছি। মেসির ৭৩ গোলের রেকর্ড তাই এখনই ভাঙার কথা বলা বাড়াবাড়ি। কিন্তু মৌসুমের শুরুতে রাফিনিয়ার যে গতি, তাতে মেসির একসময়ের প্রায় অসম্ভব মনে হওয়া রেকর্ডগুলোর দিকে তাকানোর সাহস অন্তত তিনি দেখাতেই পারেন।