বগুড়ার সোনাতলায় চার বছর বয়সি শিশু সনেট যমুনা নদীতে পড়ে রবিবার থেকে নিখোঁজ হয়েছে।
সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল রানা জানান, উপজেলার পাকুল্যা ইউনিয়নের রাধাকান্তপুর (আমতলি) গ্রামের এনামুল হকের স্ত্রী রবিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে যমুনা নদীতে গরুকে গোসল করতে নিয়ে যায়। সঙ্গে থাকা শিশুপুত্র সনেটকে নদীর তীরে রেখে গরুকে গোসল করাচ্ছিল। এমন সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। অবশেষে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মিরা ও রংপুর থেকে আসা চার জন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় সাড়ে ৮টা থেকে তিন ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করেন। পরদিন সোমবার সকালেও অনেক খোঁজাখুঁজি করে শিশুর লাশ উদ্ধার করা যায়নি।