প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অভিষিক্ত ম্যাচ ৩ উইকেট শিকার করেছিলেন এই টাইগার অলরান্ডার। দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল তিনি। শিকার করেছেন ৪টি উইকেট।
মিরাজের এমন বোলিংয়ের পর শাই হোপের দায়িত্বশীল ব্যাটিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। অন্যদিকে এই হারে টানা সপ্তম পরাজয় নিয়ে তলানিতে থেকে আসর শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্স।
ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল স্বাগতিক গায়ানা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে। ৪ ওভারে স্রেফ ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন মিরাজ।
মিরাজের উইকেটগুলোও বেশ বড় নাম—কলিন মানরো, নিকোলাস পুরান, উরি গোলি ও সুনীল নারাইন। একের পর এক উইকেট তুলে নিয়ে 'নাগিন ড্যান্সে' উদযাপন করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এই রান তাড়া করতে গায়ানাকে কম ঘাম ঝরাতে হয়নি। মিরাজ ব্যাট হাতে ব্যর্থ, ১৪ বলে ২ রানে আউট হন। শেষ পর্যন্ত শাই হোপের অপরাজিত ৪২ রানের ইনিংসে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় মিরাজের গায়ানা।
দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য দারুণ একটি মুহূর্ত। সিপিএলে এবারই প্রথমবার খেলতে এসেছি। আজ সত্যিই খুব উপভোগ করেছি। আমি শুধু চেষ্টা করেছি সঠিক জায়গায় বল করতে এবং উইকেট নেওয়ার চেষ্টা করতে। জানতাম, উইকেট একটু টার্ন করছে এবং স্পিনারদের জন্য সহায়তা ছিল। তাই আমি স্টাম্প লক্ষ্য করে বল করার দিকে মনোযোগ দিয়েছি, আর সুযোগটাও এসেছে।’