পরিবেশ দূষণ রোধে নিয়োজিত সংস্থাসমূহের কতিপয় কর্মচারীর দুর্নীতি ও অবহেলার কারণেই দেশের মানুষ বিশেষ করে শহরাঞ্চলের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সে কারণে রাজধানী ঢাকাসহ সব মেট্রোপলিটন শহরসমূহের পরিবেশ দূষণ (যানবাহন ব্যবস্থাপনাসহ) প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাসমূহের সঙ্গে তাদের কার্যপ্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম-দুর্নীতি, অবহেলা ও হয়রানি নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে কমিশন। গতকাল সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে কমিশনের প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ উদ্যোগের অংশ হিসেবে দুদক প্রথমেই পরিবেশ দূষণ প্রতিরোধে নিয়োজিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে এসব বিষয় নিয়ে বিশেষ মতবিনিময় সভা করবে। আলোচনার মাধ্যমে অংশীজনদের মতামতের আলোকে এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, দমন এবং নিয়ন্ত্রণে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।
সভায় দদুক চেয়ারম্যান বলেন, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন সড়কে যেমন নৈরাজ্য সৃষ্টি করছে, তেমনি বায়ু দূষণ ও শব্দ দূষণেও ভূমিকা রাখছে। কীভাবে লাইসেন্সবিহীন চালক অথবা ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করছে? সমন্বিত উদ্যোগ ছাড়া এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন। তাই সবার সহযোগিতা নিয়ে দুর্নীতি প্রতিরোধে দুদক বিশেষ নজরদারি বৃদ্ধি করবে। প্রয়োজনে এসব কার্যক্রম কমিশনের গোয়েন্দা নজরদারিতে আনা হবে।