দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

খাগড়াছড়ির রামগড়ে দুধ দিয়ে গোসল করে অনলাইনে আর ক্যাসিনো (জুয়া) না খেলার ঘোষণা দিয়েছেন এক যুবক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লামকুপাড়া এলাকায় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বাসিন্দা সজীব মিয়া (২৬) এ ঘোষণা দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সজীব ওই গ্রামের নুরুন্নবীর ছেলে। তার এমন ঘোষণায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সজীব পেশায় সবজি ব্যবসায়ী। লামকুপাড়ায় তার সবজির দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সজীব প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার গায়ে দুধ ঢেলে দেন।

সজীব বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্ত হন। প্রায় ৭-৮ বছর তিনি এ জুয়া খেলেন। এতে প্রায় ১৫ লাখ টাকা খুইয়েছেন। তার আসক্তি এতটাই ছিল পকেটে ৫০ টাকা থাকলে অন্যের কাছ থেকে আরও ১০০ টাকা ধার করে জুয়ায় খাটাতেন বললেন তিনি। ক্যাসিনো থেকে মুক্তি পেতে এক সময় স্মার্ট মোবাইল ফোন সেটও ভেঙে ফেলে। কিন্তু পরে আবার সেই আসক্তি মনে জেগে উঠে। গত মাস দুয়েক আগে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন আর খেলবেন না। এরই মধ্যে বিয়েও করেন। নববধূও তাকে শপথ করান ক্যাসিনো ছাড়ার। এ অবস্থায় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিজের ভুলের কথা ও বিপদগামী হওয়ার কথা জানিয়ে এ জুয়া থেকে চিরতরে ফিরে আসার শপথ নেন।

এই সিদ্ধান্ত অনুযায়ীই তিনি শনিবার সকলের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন।

সজীব বলেন, যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মতো এই জুয়া খেলা এখনই ছেড়ে দেন। নিজে যেন সততার সঙ্গে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন সেই প্রত্যাশা করি। সবাই আামাকে সহযোগিতা করবেন।

নিজের আত্ম-উপলব্ধি থেকে ক্যাসিনো জুয়া ছেড়ে দেওয়ার প্রকাশ্য শপথ নেওয়ার ঘটনাকে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক সামাজিক মহল সাধুবাদ জানিয়েছেন।

রামগড় থানার ওসি নাজির আলম বলেন, ‘সজীবকে ধন্যবাদ জানাই তার এমন আত্ম-উপলব্ধির জন্য। তাকে যেন অন্য বিপথগামীরাও অনুসরণ করে আমাদের প্রত্যাশা থাকবে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ‘এটা বিরল ঘটনা। সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি  জুয়ায় আসক্তদেরও ক্যাসিনো ছেড়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সজীবের মতো শপথ নেওয়ার আহ্বান জানাই।’