কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডাগ এমহফের মালিবুর বাড়িতে দুবার আসার পর এক নারীকে আটকে পুলিশে খবর দেওয়া হয়েছে। বাড়ির কাছে পৌঁছানোর আগেই নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। ঘটনার সময় হ্যারিস ও এমহফ কেউই বাড়িতে ছিলেন না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্যারিসের বাড়ির বাইরে ওই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেরিফ বিভাগের মুখপাত্র জানান, ওই নারী একটি রাইডশেয়ারিং সেবা উবারে করে এসে হ্যারিসের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাঁকে সেখানে থাকা যাবে না বলে জানিয়ে দেওয়া হলে তিনি চলে যান।

তবে কিছুক্ষণ পর ওই নারী আবারও সেখানে ফিরে আসেন। এরপর অনুপ্রবেশের সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করলেও ওই নারীকে গ্রেপ্তার বা জরিমানা করা হয়নি।যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডাগ এমহফের মালিবুর বাড়ি। ফাইল ছবি

ঘটনার সময় কমলা হ্যারিস ও ডাগ এমহফ কেউই বাড়িতে ছিলেন না বলে হ্যারিসের দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন এক বিবৃতিতে বলেন, রাতে সাবেক ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও এমহফের বাড়িতে এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে বাড়িতে পৌঁছানোর আগেই আটকে দেন। ঘটনার সময় হ্যারিস ও তার স্বামী সেখানে ছিলেন না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁরা কৃতজ্ঞ।

হিলস শেরিফ স্টেশনের লেফট্যানেন্ট জেসন দুরন জানান, ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হবে।

তিনি বলেন, ওই বাড়ির ওপর কড়া নজর রাখা হবে এবং ডেপুটিদের সেখানে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বর্তমানে কমলা হ্যারিসের কোনো সিক্রেট সার্ভিস নিরাপত্তা নেই। গত বছরের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেন।