আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি গত দেড় বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। আন্দোলন, রাজপথ ও আদালতে আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে, কান্নকাটি করছে। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি আরো বলেন, বিএনপি ভুল রাজনীতি করে দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে নালিশ করা ছাড়া তারা আর কোনো উপায় পাচ্ছে না। এখন নাকি জাতিসংঘে যাবে বিএনপি। এ সবই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) এখানে (অগ্নিকাণ্ডস্থল) এসেছিলেন। কিন্তু রিলিফের বদলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে লিপস (বক্তৃতাবাজি) চালিয়েছেন।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ বক্তৃতা-ভাষণ শুনতে চায় না, তারা সহযোগিতা চায়, পুনর্বাসন চায় এবং বাঁচার মতো বাঁচতে চায়।’ ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বাস দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার।’ এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শাড়ি ও শার্ট বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।