আসন্ন আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদকে। ইচ্ছে না থাকলেও দুর্দান্ত ফর্মে থাকা টাইগার পেসারকে মন খারাপ রেখেই বিদায় দিয়েছে তার দল কেন্ট ক্রিকেট।
কেন্টের হয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে সাতটি ম্যাচ খেলেছেন হাসান। সেখানে শিকার করেছেন ৩০ উইকেট। তার বোলিং নৈপুণ্যে দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশনের লড়াইয়ে ভালো অবস্থানেই রয়েছে কেন্ট।
হাসানকে শেষ দুই ম্যাচে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক ক্লাবের ওয়েবসাইটে বলেন, 'কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে হাসানকে না পাওয়ায় আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সম্মান জানাই এবং এই তার সাফল্য কামনা করি।'
মৌসুমের বাকি অংশে হাসান মাহমুদকে মিস করবে বলে জানিয়েছেন কেন্টের ক্রিকেট পরিচালক। বলেন, 'তাকে আমরা নিশ্চয়ই খুব মিস করব। তবে গ্রীষ্মের শেষ এই দুটি ম্যাচের জন্য আমাদের অন্য দুই বিদেশি বোলার-কিথ ডাডজন ও খালেদ আহমেদ-দলের সঙ্গে থাকছেন।'
কাউন্টি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে কেন্ট। দ্বিতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে তারা পিছিয়ে আছে মাত্র দুই পয়েন্টে। তবে প্রমোশনের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে তাদের। মৌসুমের শেষ দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে কেন্ট। সেখানে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা ল্যাঙ্কাশায়ার ও মুচেস্টারশায়ার।