মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। আর সেই ধর্ষণ দৃশ্য ভিডিও করেছে নরপিশাচ ধর্ষকরা। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের রজতরেখা ডিসি প্রজেক্টে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল (২৩) নামে এক যুবককে আটক করে সিরাজদিখান থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক সোহেল কেরানীগঞ্জ উপজেলার বাঘাপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ গৃহবধূকে নিয়ে তার স্বামী রবিবার বিকালে পলাশপুরের ডিসি প্রজেক্টে ঘুরতে আসলে সোহেলসহ তিন জন স্বামীকে মারধর করে আটকে রাখে। এরপর গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। স্বামীর চিত্কারে একপর্যায়ে এলাকাবাসী ছুটে এসে সোহেলকে ধরে ফেলে। অপর দুই জন পালিয়ে যায়।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন সোমবার জানান, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোট তিন জনকে আসামি করা হয়েছে। সোহেল ছাড়া অপর দুই আসামি হলো উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন এবং একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে শামীম মিয়া। ধর্ষিতার মেডিক্যাল টেস্টসহ অন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ওসি আরো জানান, ধর্ষণের সময় সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে সোহেল। পুলিশ সেই ভিডিও ক্লিপ আলামত হিসেবে জব্দ করেছে। তিনি বলেন, ধর্ষকদের ভিডিও চিত্র ধারণের উদ্দেশ্য হয়তো ছিল ঘটনাটি ধামাচাপা দিতে সেটি ব্যবহার করা এবং ঐ দম্পতিকে পরবর্তীকালে ব্ল্যাকমেইল করা। জানা যায়, এ ব্যাপারে মামলা করলে ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল ধর্ষকরা।