সিদ্ধিরগঞ্জে শতাধিক বিয়ার ক্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে শতাধিক বিয়ার ক্যানসহ রুমান মিয়া (৩০) ও দিপু হোসেন (১৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি কার্টন তল্লাশি করে ১০২ ক্যান বিয়ার জব্দ করা হয়। জানা যায়, আদমজী-নারায়ণগঞ্জ সড়কে পুলিশ টহল ডিউটি করার সময় সিদ্ধিরগঞ্জ পুরাতন থানা ভবনের সামনে দুটি কার্টনে করে বিয়ার নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ীরা। এ সময় তাদের আটক করে কার্টনে তল্লাশি করে ১০২ ক্যান বিয়ার জব্দ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় দুই জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও গাড়ি চুরির অভিযোগে ১১ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ও রবিবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ছিনতাইয়ের অভিযোগে রাকিব ও আবদুল্লা নামে দুজনকে সানারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মাদক মামলার আসামি সোহাগ, রুবিনা, সজল, সজীব, আনোয়ার ও রবিনকে গ্রেফতার করা হয়। গাড়ি চুরির অভিযোগে রবিউল ও সিরাজুল ইসলামকে এবং চিহ্নিত ডাকাত নাদিরাকে সানারপাড় এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।