রূপগঞ্জে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষধর সাপের কামড়ে বাছেদ বাঘা নামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাছুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাছেদ বাঘা উপজেলার মাছুমাবাদ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের লোকজন জানান, সোমবার সকালে বাছেদ বাঘা ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে তাকে দরজার পেছনে লুকিয়ে থাকা কালো রংয়ের একটি বিষধর সাপ কামড় দেয়। বাছেদের চিত্কারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।