ডারউইন টেস্ট

অস্ট্রেলিয়ার প্রস্তুতির ঘাটতি ছিল না, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের পাত্তায় দেয়নি বাংলাদেশ। ডারউইনে প্যাট কামিন্সের দলকে ৯ উইকেটে উড়িয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। সেই হারের রেশ যেন এখনো কাটেনি অস্ট্রেলিয়ান শিবিরে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেই ঐতিহাসিক জয় ও অস্ট্রেলিয়ার ক্রিকেটে এর অভিঘাত নিয়ে কামিন্স বলেন, “প্রস্তুতির ঘাটতি ছিল না, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।”

দলের ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে সাবেক তারকা—সবখানেই ঘুরিয়ে-ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ঐতিহাসিক হার। বাংলাদেশের বিপক্ষে পাওয়া সেই পরাজয় নিয়ে এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিক অ্যাডাম পিকক ও অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলির সঞ্চালনায় ‘কিপিন ইট ক্রিকেট’ পডকাস্টে কামিন্স সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল পুরোপুরি প্রস্তুত হয়েই নেমেছিল; কিন্তু শেষ পর্যন্ত মাঠের খেলায় হেরে গেছে তারা।

কামিন্স বলেছেন এভাবে, ‘অ্যাশেজের টেস্ট হোক কিংবা বাংলাদেশের সিরিজ, আমার মনে হয় আমরা একইভাবে প্রস্তুতি নিতাম। সিরিজ শেষে অবশ্যই আপনি বিষয়টি পর্যালোচনা করবেন। কিন্তু সত্যি বলতে, আমার মনে হয়েছিল সিরিজ শুরুর আগে আমরা বেশ ভালো জায়গায় ছিলাম; সবাই ফিট ছিল, প্রস্তুত ছিল।’

বাংলাদেশের কাছে সেই অপ্রত্যাশিত হারের কারণ জানতে চাইলে ৩৩ বছর বয়সী কামিন্স সরাসরি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা ভালো খেলিনি। আমার মনে হয় না প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা নিজেদের সেরাটায় ছিলাম না। অন্যদিকে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং আমাদের ম্যাচে ঢোকার কোনো সুযোগই দেয়নি।’

অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরবর্তী খেলা দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কামিন্সের দল।

২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজে তাই এর একটা আঁচ থাকবে বলেই মনে করেন কামিন্স। তিনি বলেছেন, ‘হয়তো কিছুটা বৈরিতা থাকবে। তবে তা অ্যাশেজ সিরিজের চেয়ে বেশি হবে না।’