স্বামীবাগে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের করাতিটোলায় একটি বাসার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন রাফি (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

মৃত রাফির চাচা জামাল উদ্দিন জানান, ঈদের ছুটি চলায় তার কলেজ বন্ধ ছিল। গতকাল সকালে হাঁটার জন্য সে তিনতলার ছাদে ওঠে। ঐ ছাদে কোনো রেলিং ছিল না। কিছুক্ষণ পর জানতে পারি, রাফি ছাদ থেকে নিচে পড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় রাফিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার ওসি মোহাম্মদ সাজু মিয়া বলেন, রাফির বাবা কামাল হোসেন ঐ ভবনের কেয়ারটেকার। ঐ ভবনের নিচতলায় রাফিদের বাসা। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। চার ভাইবোনের মধ্যে রাফি দ্বিতীয়। ওসি আরো বলেন, ঐ ভবনের কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাফি সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকত বলে রবিবার রাতে বাবা-মা তাকে বকাঝকা করে। এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।