নিকেতনের ফ্ল্যাট থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর গুলশান নিকেতনের ৮ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে তাসকিয়া নোহাস ফারিয়া (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার বলছে, এটি আত্মহত্যা। গতকাল সোমবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়।

মৃতের ভাই ফারহান ইসলাম জানান, আট মাস আগে আমেরিকা প্রবাসী সৈয়দ ফারমান রেজার সঙ্গে ফারিয়ার বিয়ে হয়। রেজা বর্তমানে আমেরিকায় আছেন। স্বামীর সঙ্গে ফারিয়ার মোবাইল ফোনে ঝগড়া হয়। এ নিয়ে গতকাল দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ফারিয়া। কিন্তু এলাকায় ছড়িয়ে পড়ে তাদের বাসার কাজের মেয়েকে হত্যা করা হয়েছে। এই খবরে এলাকাবাসী বাড়ি ঘিরে মিছিল করতে থাকে। পরে পুলিশ এসে তার বোনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গুলশান থানার এসআই শামীম হোসেন জানান, এক নারীর আত্মহত্যার খবরে ওই বাসায় গিয়ে দেখা যায়, শত শত লোক বাড়ি ঘেরাও করে রেখেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় লাশটি বাসা থেকে বের করে আনা হয়। এসআই আরো জানান, স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে ফারিয়া আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।