সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি আবেদন ১০ সেপ্টেম্বর শুরু

দেশে প্রথমবারের মতো সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগ থাকলেও তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয় বাদে অন্য ছয়টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র থাকবে। এই পদ্ধতির ফলে পরীক্ষার্থীরা যে কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ৩০ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন শেষে মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিওর ক্যাশের মাধ্যমে অর্থ প্রদান করতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য www.admission-agri.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা সাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে— ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আসন ১ হাজার ১০৮টি আসন। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন ৩৩০টি, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ৭০০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ৫৮৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের আসন ২৪৫টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ১৫০টি। এই সাতটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৫৫১টি ।

গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।