কিছু নেতার কার্যকলাপ এই অঞ্চলের শান্তির জন্য সহায়ক নয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই অঞ্চলের কিছু নেতার কার্যকলাপ ও বক্তব্য শান্তি বজায় রাখার জন্য সহায়ক নয়। তিনি হিংসা ও সীমান্ত সন্ত্রাস বন্ধে আপোষহীনতার কথা বলেছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। কাশ্মীর নিয়ে সরকার পদক্ষেপের পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভি জানিয়েছে, ৩০ মিনিটের ফোনালাপে কাশ্মীরে সরকারি পদক্ষেপের কারণ ও তাকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। এছড়াও ভারত মার্কিন নানা দ্বিপাক্ষিক বিষয়ও উঠে আসে আলোচনায়। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই অঞ্চলের কিছু নেতার কার্যকলাপ ও বক্তব্য ভারত বিরোধী যা শান্তি বজায় রাখার সহায়ক ছিল না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদি মার্কিন প্রেসিডেন্টকে হিংসা ও সীমান্ত সন্ত্রাস বন্ধে আপোষহীনতার কথা বলেছেন। এর আগে রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের কথা হওয়ার বিষয়টি জানানো হয়েছিল। সেখানে ট্রাম্প নয়াদিল্লি ও ইসলামাবাদের আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকেই উপত্যকার মানুষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে শুরু করে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুকে তারা বন্ধু চীনের সাহায্যে জাতিসংঘের মঞ্চে তোলে।