প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোর ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি চোখধাঁধানো জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার নবাগত দল রেসিং সানটান্ডারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দলের দুর্দান্ত এই জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বার্সেলোনা। অষ্টম মিনিটেই ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে প্রথম গোল এনে দেন জোয়াও কানসেলো। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন রাফিনিয়া। ৩০তম মিনিটে রেসিংয়ের মিডফিল্ডার গেয়ি এক গোল শোধ করলেও ৩৬তম মিনিটে অ্যাসিয়ার ভিল্লালিবেরের আত্মঘাতী গোলে ৩-১-এ এগিয়ে যায় বার্সা।
প্রথমার্ধের ৪২তম মিনিটে দানি ওলমোর পাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি এক গোল শোধ করে ব্যবধান কমালেও বার্সার রুদ্ররূপ থামেনি। দুই মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক ও দলের পঞ্চম গোলটি পূরণ করেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে এটি তার ১১তম গোল।
৭২তম মিনিটে ডি-বক্সে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ালেও কিন্তু অফসাইডের কারণে গোলবঞ্চিত হন ইয়ামাল। ৭৯ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা আরেক ব্রাজিলিয়ান জেসুস লা লিগায় গোলের খাতা খোলেন । ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে পেয়েই প্রথম ছোঁয়ায় কিছুটা বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার।
অনেক সুযোগ হারানোর পর, অবশেষে ৮৯তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা আডেইয়েমি মাঝমাঠে দুজনকে কাটিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে যান এবং ডি-বক্সে ঢুকে ছোট করে কাটব্যাক করেন, আর জোরাল শটে দলের সপ্তম গোলটি করেন ইয়ামাল। লিগে টানা চার ও সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ইয়ামাল। আসরে তার গোল হলো সাতটি।
মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই অন্তত পাঁচটি করে গোল করল কাতালান ক্লাবটি। এই সাত ম্যাচে তারা মোট গোল করল ৩৩টি, বিপরীতে তাদের জালে বল গেছে কেবল সাতবার! লিগে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। আর লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রেসিং ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।