এশিয়ান গেমস ক্রিকেট

কালো উইকেটে প্রস্তুতি লিটন-শান্তদের

এশিয়ান গেমসকে সামনে রেখে গতকাল তৃতীয় দিনের মতো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, ইয়াসির আলী রাব্বিরা।

তবে অনুশীলনের চেয়েও আলাদা করে নজর কেড়েছে মিরপুরের উইকেট। বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে সাদা বা স্পোর্টিং উইকেটে অনুশীলনে অভ্যস্ত হচ্ছে বাংলাদেশ, সেখানে এশিয়ান গেমসের প্রস্তুতিতে এবার দেখা গেল কালো উইকেট। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

জাপান ক্রিকেট খেলুড়ে দেশ না হওয়ায় সেখানে নিয়মিত ক্রিকেট মাঠও নেই। এশিয়ান গেমসের জন্য একটি বেসবল মাঠকে রূপান্তর করে ক্রিকেট মাঠ তৈরি করা হয়েছে। ফলে জাপানের উইকেট কেমন হবে, তা নিয়ে বাংলাদেশ দলেরও তেমন কোনো ধারণা নেই। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন ইয়াসির আলী রাব্বি। 

জাপানের উইকেট সম্পর্কে ধারণা পেতে সেখানে মেয়েদের ম্যাচ এবং বাংলাদেশের ম্যাচের আগে অনুষ্ঠিত হতে যাওয়া আরও দুই-একটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বলে জানান তিনি। রাব্বি বলেন, 'জাপানের উইকেট নিয়ে তাদের কোনো ধারণা নেই। তবে মেয়েদের ম্যাচের পর উইকেট সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। বাংলাদেশের ম্যাচের আগে আরও দুই-একটি ম্যাচ রয়েছে। সেসব ম্যাচ দেখেও উইকেটের আচরণ সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হবে।'

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জাপানের উইকেট সম্পর্কে তারও খুব বেশি ধারণা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে সালাহউদ্দিন বলেছিলেন, 'উইকেট নিয়ে কোনো ধারণা নেই, কিন্তু কে বানিয়েছে জানি।' 

সালাহউদ্দিনের এই মন্তব্যের পেছনে অবশ্য বড় একটি কারণ রয়েছে। আইচি-নাগোয়ার যে মাঠে ক্রিকেট অনুষ্ঠিত হবে, সেই কো রোগি স্পোর্টস পার্কের কিউরেটরের দায়িত্বে রয়েছেন গামিনি ডি সিলভা। দীর্ঘ প্রায় দেড় যুগ মিরপুরের উইকেট তৈরির দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান পিচ কিউরেটর। ফলে গামিনি কেমন ধরনের উইকেট তৈরি করতে পারেন, সে সম্পর্কে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের ভালোই ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

এছাড়াও আইচি-নাগোয়ার অস্থায়ী ক্রিকেট মাঠে তৈরি করা হয়েছে হাইব্রিড পিচ। কৃত্রিম ও প্রাকৃতিক ঘাসের সমন্বয়ে তৈরি এই ধরনের উইকেটের আচরণ সম্পর্কে আগেভাগে ধারণা পাওয়া কঠিন। তাই জাপানে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার পাশাপাশি গামিনির তৈরি উইকেটের সম্ভাব্য আচরণ মাথায় রেখেই মিরপুরে কালো উইকেটে অনুশীলন করছে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের।