বান্দরবা‌নে তিন গাড়ি চালককে অপহর‌ণের অভিযোগ

বান্দরবা‌নের রুমায় তিন গাড়ি চালককে অপহর‌ণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিন‌জি‌রি পাড়ার কা‌ছে সোমবার বিকালে এ ঘটনা ঘ‌টে। অপহৃতরা হলেন— নয়ন জলদাস, মোঃ মিজান ও বাসু কর্মকার। রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসুর বাড়ি উপজেলার লেমুঝিরি পাড়ায়, নয়নের বাড়ি বড়ুয়া পাড়ায় এবং মিজানের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, রুমা বাজার থেকে সোমবার বিকেলে যাত্রী নিয়ে মুনলায় পাড়ায় যান ওই তিন চাঁদের গাড়ির (জিপ গাড়ি) চালক। মুনলা পাড়ায় যাত্রীদের নামিয়ে রুমা সদরে ফেরার পথে মিনঝিরি এলাকার মুখে এলে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রুমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবুল হো‌সেন জানান, মিনঝিড়ি পাড়া মুখ থেকে চাঁদের গাড়ির (জিপ গাড়ি) তিন চালককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কারা তাদের নিয়ে গেছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

ইত্তেফাক/আরকেজি