বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দুর্দান্ত ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। প্রথম কোয়ালিফায়ারে হারের পর ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের গায়ানা।

শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে ৫ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জ্যামাইকা কিংসম্যান। এ দিন ব্যাট করার সুযোগ পাননি মিরাজ। আর বল হাতেও ছিলেন একেবারে বিবর্ণ। ৪ ওভারে ৪৩ রান খরচ করে উইকেটশূন্য থাকেন এই টাইগার অলরাউন্ডার। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালের ওঠার লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। ৪৫ বলে ১০২ রান করা হেটমায়ারের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে তারা।

২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দল হিসেবে খেলেছে জ্যামাইকা।  সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কিচি কার্টির ৫৬–এর পর রোভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে জয় পায় জ্যামাইকা।