অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। এতে রাচিনের ডান কাঁধ স্থানচ্যুত হয়েছে।
এই চোট কাটিয়ে রবীন্দ্র কবে মাঠে ফিরতে পারবেন, সেটি এখনই বলা যাচ্ছে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রবীন্দ্রর অগ্রগতি দেখার পর কবে মাঠে ফিরতে পারবেন, সেটা জানা যাবে।
২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা। চোটের কারণে এই সিরিজে রাচিনের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’
শুটিংয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করবো।’
রাচিন রবীন্দ্রকে দ্রুত ফেরানোর ঝুঁকিও নিতে চান না নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’