প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুর ও সিলেটে দুই তরুণ আটক

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেহেরপুর সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেন। এতে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীকে গালাগাল ও কটূক্তি করার অভিযোগ রয়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে মামলা ছিল এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামের আরেক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষায় পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে আটক করে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী বলেন, ফেসবুকে কটূক্তির অভিযোগে মেহেদীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।