আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে আফগানিস্তান। যা তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। কিন্তু দুই বছর পরের আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব হারান রশিদ। তবে যেভাবে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তা নিয়ে আফসোস রয়েছে এই লেগ স্পিনারের।

এই বছরের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো কিছু না জানিয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রশিদকে ছাঁটাই করেছিল। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে।

রেড বুলের আয়োজনে ক্রিকইনফো-র এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে রশিদ খান বলেন, ‘ওই সময় ঠিক কী হয়েছিল, আমি জানতামও না। বোর্ড যখন এটা ঘোষণা করল, আমি জানার জন্য (অধিনায়কত্ব পরিবর্তনের কারণ) এসেছিলাম।’

রশিদের নেতৃত্বে ৪৮ টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় ২৬টি, হার ২২। জয়-হারের অনুপাতে আফগান অধিনায়ক হিসেবে তার উপরে আছেন কেবল আসগর আফগান, যার সময়ে আফগানিস্তান প্রায় সময় নিচু র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে খেলতো।

রশিদ খান বলেন, ‘আমার নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলাম, ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিলাম। কিন্তু মাঝেমধ্যে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না।’ 

তিনি আরও বলেন, ‘কিন্তু আমি এখন সামনের দিকে তাকিয়ে, অধিনায়ক থাকি বা না থাকি, আমি আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারছি, এতেই গর্বিত। আমার যে দক্ষতা ও সামর্থ্য আছে, সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হলো আফগানিস্তানের জন্য ভালো খেলা এবং তাদেরকে জেতানো।’