প্লাস্টিকের টুলের মাঝের ছিদ্র কেবল ডিজাইন নয়, লুকিয়ে আছে দারুণ বিজ্ঞান

বাসা-বাড়ি, দোকান কিংবা রেস্তোরাঁয় প্লাস্টিকের ছোট টুল আমরা প্রতিনিয়তই ব্যবহার করি। তবে সাধারণ ডিজাইনের এই বসার আসনটির ঠিক মাঝখানে কেন একটি গোল ছিদ্র থাকে-তা কি কখনো ভেবে দেখেছেন? আপাতদৃষ্টিতে একে সাধারণ কোনো নকশা মনে হলেও, বিজ্ঞানের নিয়মে এই ছোট্ট ছিদ্রটির পেছনে লুকিয়ে আছে দারুণ কিছু ব্যবহারিক ও জরুরি কারণ।

একটির ওপর আরেকটি রাখা সহজ হয়

প্লাস্টিকের টুল সাধারণত এমনভাবে তৈরি করা হয়, যাতে একটির ওপর আরেকটি রাখা যায়। ফলে কম জায়গায় অনেকগুলো টুল সংরক্ষণ করা সম্ভব হয়। কিন্তু মসৃণ প্লাস্টিকের দুটি পৃষ্ঠ একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে লেগে গেলে মাঝখানে বাতাস আটকে যেতে পারে। এতে অনেকটা সাকশন বা টানের মতো পরিস্থিতি তৈরি হয়। ফলে টুলগুলো আলাদা করতে গিয়ে বেশ বেগ পেতে হয়।

এখানেই মাঝখানের ছিদ্রটি এখানে ছোট একটি বাতাস চলাচলের পথ হিসেবে কাজ করে। ফলে টুলগুলো স্তূপ করে রাখার সময় ভেতরে বাতাস আটকে গিয়ে অতিরিক্ত টান তৈরি হওয়ার সম্ভাবনা কমে। প্রয়োজনের সময়ও একটি টুল অন্যটি থেকে সহজে আলাদা করা যায়।

টুল বহন করতেও সুবিধা

ছোট এই ছিদ্রটি অনেকটা হাতলের কাজও করে। টুল সরানোর সময় কিনারা ধরে তোলার পরিবর্তে মাঝের ছিদ্রে আঙুল ঢুকিয়ে সহজেই সেটি তুলে নেওয়া যায়। বিশেষ করে একসঙ্গে অনেকগুলো টুল এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর ক্ষেত্রে এটি বেশ সুবিধাজনক। ছিদ্রটি আসনের মাঝামাঝি থাকায় টুলটি তোলার সময় ভারসাম্য রাখাও তুলনামূলক সহজ হয়। ফলে নকশার এই ছোট অংশটি শুধু দেখতে সুন্দর করার জন্য নয়, ব্যবহারিক সুবিধার কথাও মাথায় রেখেই রাখা হয়।

জমে থাকে না পানি

প্লাস্টিকের টুল শুধু ঘরের ভেতরেই ব্যবহার হয় না। বাথরুম, বারান্দা, দোকানের বাইরের অংশ কিংবা বিভিন্ন অনুষ্ঠানের জায়গাতেও এগুলো ব্যবহার করা হয়। ফলে টুল ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আসনে কোনো ছিদ্র না থাকলে সেখানে বৃষ্টির পানি, ধোয়ার পানি কিংবা অন্য কোনো তরল জমে থাকতে পারে। মাঝের খোলা অংশ দিয়ে পানি বেরিয়ে যেতে পারে। এতে আসনে পানি জমে থাকার সমস্যা কমে এবং টুল দ্রুত শুকিয়ে যায়।

উৎপাদন খরচ কমাতেও ভূমিকা থাকতে পারে

প্লাস্টিকের টুল সাধারণত ইনজেকশন মোল্ডিংয়ের মতো শিল্পপ্রক্রিয়ায় তৈরি হয়। এই পদ্ধতিতে গলানো প্লাস্টিক নির্দিষ্ট ছাঁচে ঢেলে টুলের আকার দেওয়া হয়। নকশায় অপ্রয়োজনীয় অতিরিক্ত প্লাস্টিক না রাখলে উপকরণের ব্যবহার কমানো যায়। মাঝখানের অংশে ছিদ্র থাকায় সেখানে কিছুটা কম প্লাস্টিক লাগে। এর ফলে টুলের ওজন কমতে পারে এবং বিপুল পরিমাণে উৎপাদনের ক্ষেত্রে উপকরণের খরচও কিছুটা কমানো সম্ভব হয়।

শুধু প্লাস্টিক বাঁচানো নয়, নকশার বিষয়ও আছে

প্লাস্টিকের মোটা অংশ তৈরি হলে তা ঠান্ডা হওয়ার সময় সব জায়গায় একই গতিতে সংকুচিত নাও হতে পারে। এর ফলে টুলের কোনো অংশ বেঁকে যাওয়া বা উৎপাদনের সময় ত্রুটি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। নকশায় উপযুক্তভাবে ফাঁকা অংশ রাখা হলে প্লাস্টিক ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রাখা যায়।

তবে প্রতিটি টুলের মাঝের ছিদ্র যে একই কারণে তৈরি করা হয়, এমন নয়। নির্মাতা, নকশা ও টুলের ধরন অনুযায়ী এর উদ্দেশ্য ভিন্ন হতে পারে। কোথাও এটি মূলত বহনের সুবিধার জন্য, কোথাও স্ট্যাক করার সুবিধার জন্য, আবার কোথাও উৎপাদন প্রক্রিয়াকে সহজ করার জন্য রাখা হতে পারে। অর্থাৎ, এতদিন যে ছোট্ট গোল ছিদ্রটিকে আমরা সাধারণ একটি নকশা বলে ভেবেছি, তার পেছনে লুকিয়ে থাকতে পারে একাধিক ব্যবহারিক কারণ। টুলের মতো খুব সাধারণ একটি জিনিসও যে কতটা ভেবে-চিন্তে নকশা করা হয়, এই ছোট্ট ছিদ্রই তার ভালো উদাহরণ।