প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

বাংলাদেশের তরুণ ক্রিকেট আরিফুল ইসলাম। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন এই তরুণ টাইগার ক্রিকেটার। 

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন আরিফুল। কর্ণালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন তিনি। এনপিএলে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি।

বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই হবে আরিফুলের প্রথম লিগে খেলা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুটি ফিফটিও। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।