সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি ৫৮ জন ডেঙ্গু রোগী

সাতক্ষীরায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ২৬১ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন ৫৮ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ১৮০ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে আরও ২৩ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, বর্তমানে সাতক্ষীরায় স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগের ৬ নং কক্ষে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান চলছে। 

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবি সুবেদার নজরুল হত্যা মামলার আসামিকে জেলহাজতে প্রেরণ

তিনি এ সময়, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিস্কার করা ও পরিত্যক্ত জিনিসপত্র, বোতল, নারকেলের খোসা, টায়ারসহ অন্য জিনিসপত্র পরিস্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করাসহ পানি জাতীয় খাদ্য বেশি খাওয়ার পরামর্শ দেন।

ইত্তেফাক/নূহু