সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

পুলিশ জানায়, গ্রেফতার সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আসে। পরে তারা ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার সাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রোববার ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাখাওয়াত হোসেন রায়হান ছাত্রলীগের শাহজাহানপুর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক। ২০১৫ সালের এপ্রিল থেকে রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত। তবে গত তিন মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।