সাভারে বিস্ফোরণ: সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’

সাভারের আশুলিয়ার জামগড়ায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানের টিনের চালা ভেদ করে নিচে পড়ে থাকা একটি সিলিন্ডার ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উৎসুক মানুষ সিলিন্ডারটি দেখতে ভিড় করেন। এর গায়ে ইংরেজিতে লেখা রয়েছে, ‘অ্যাপ্রোভড পিআরডি সিএনজি অনলি ডু নট ইউজ আফটার ২০২১’।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জামগড়া এলাকার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় সিলিন্ডারটি উড়ে গিয়ে রানা হোটেলের টিনের চালা ভেদ করে নিচে পড়ে বলে জানান হোটেলটির মালিক।

সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগেই সেটির ব্যবহারের মেয়াদ শেষ হয়েছে। আর ‘অ্যাপ্রোভড পিআরডি’ বা প্রেশার রিলিফ ডিভাইস বলতে সিলিন্ডারের ভেতরের চাপ বা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তাব্যবস্থাকে বোঝায়, যা সংশ্লিষ্ট মান নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক যাচাইকৃত ও অনুমোদিত।

বিস্ফোরণের সময়ের পরিস্থিতি বর্ণনা করে রানা হোটেলের মালিক মো. হালিম বলেন, ‘বিকট একটা শব্দ হইলো। এরপর দেখি ধোঁয়া। দুই চোখে কিছু দেখার মতো অবস্থা নাই। একটা সিলিন্ডার আমার পোলার (ছেলের) মাথায় এসে লাগল। পোলায় দৌড় দিয়া পইরা যায়। কিছুক্ষণ পর দেহি খালি আগুন আর আগুন। পাশের দোকানে আরেকটা সিলিন্ডার পড়ছে।’

আহত ছেলেকে রাতেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান হালিম। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। তবে মাথায় আঘাতের অবস্থা বিস্তারিত জানতে চিকিৎসক সিটিস্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থলে যান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। সেখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে বিস্ফোরণের পর পড়ে থাকা সিলিন্ডারটি দেখান।

মহিবুল্লাহ বলেন, কয়েকজন তাকে একটি সিলিন্ডার দেখিয়েছেন। সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুযায়ী সেটির ভেতরে থাকা গ্যাসের মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই বলতে পারবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না, সেটিসহ বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

রোববার রাতে আশুলিয়ার প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।